লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. মিজান ইসলাম (১৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ঘটেছে সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টায়।


স্থানীয়রা জানান, উপজেলার রহমতপুর গাটিয়ারভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মিজান ধানক্ষেতে পানি দিতে গিয়ে সীমান্তের প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে চলে যান। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি চালায়।


গুলিতে তার কাঁধে জখম লাগে এবং আহত অবস্থায় মিজান দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডেকেলে এ ভর্তি করেন।


ঘটনার জেরে স্থানীয়রা শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসেন। আটক ব্যক্তি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন।


তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত হওয়ায় দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের আটক ভারতীয় নাগরিকও এ বৈঠকের পর পরবর্তী ব্যবস্থা জানা যাবে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।