পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় ও বিস্তৃত হবে।

বৈঠকে তিনি নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ববর্তী আলোচনার কথা স্মরণ করে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্কোন্নয়নে প্রধান উপদেষ্টার আগ্রহেরও ভূয়সী প্রশংসা করেন।

এ সময় ড. খালিদ হোসেন ড. ইউনূসের পক্ষ থেকে লেখা একটি পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পত্রে সম্প্রতি পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানানো হয়। একই সঙ্গে সংকট মোকাবেলায় বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়

বৈঠকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মতত্ত্ব ও চিকিৎসা খাতে শিক্ষার্থী বিনিময়ে বৃত্তি প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইতোমধ্যেই পাকিস্তানের ফেডারেল সরকার অনার্স থেকে পিএইচডি পর্যন্ত কোর্সে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০টি বৃত্তি অনুমোদন করেছে।

সাক্ষাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারার, ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং শরীফ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মুফতি জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।