পাকিস্তানের আফগান সীমান্তসংলগ্ন পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা সূত্র।

জানা গেছে, ওই এলাকায় টহলে থাকা সেনাবাহিনীর একটি যানবহরে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন সেনাসদস্য।

পরে পাল্টা অভিযানে সেনাবাহিনী গুলি চালালে তালিবান সংশ্লিষ্ট অন্তত ১৩ জন সন্ত্রাসী নিহত হয়। হামলায় স্থানীয় চারজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি দাবি করেছে, তারা পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র ও একটি ড্রোন জব্দ করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা বাড়ছে, যা দেশের নিরাপত্তাব্যবস্থার ওপর নতুন করে চাপ তৈরি করছে।