পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় সেনা অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে।
নিহত ব্যক্তির কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, টাকা ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়। এর মাধ্যমে তার বাংলাদেশি পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রোববার (২৮ সেপ্টেম্বর) সামা টিভি এ তথ্য প্রকাশ করে।
নিরাপত্তা সূত্রের দাবি, এর আগে একই ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিল। তারা মূলত ধর্মীয় দাওয়াতের উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়ে পরবর্তীতে জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল। এতে আবারও প্রমাণিত হলো, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশিদেরও সম্পৃক্ততা রয়েছে।
শনিবার চালানো এই অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সংশ্লিষ্ট মুল্লা নাজির গ্রুপের ১৭ সন্ত্রাসী নিহত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে অভিযান চালায়।
দুদিন ধরে চলা অভিযানে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের ঘেরাও করা হয়। গোলাগুলির পর ১৭ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।





