পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের দিয়ামার জেলার চিলাস শহরের কাছে একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম ডন সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনা চিলাসের থর এলাকায় ঘটেছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠে আসে। স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক জানান, ‘আমাদের একটি হেলিকপ্টার থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।’

হেলিকপ্টারে দুইজন পাইলট এবং তিনজন কারিগরি কর্মী ছিলেন। দিয়ামার জেলার পুলিশ সুপার আবদুল হামিদ জানিয়েছেন, মৃত পাঁচজনের মধ্যে সবাই হেলিকপ্টারের ক্রু সদস্য ছিলেন। তিনি বলেন, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার পাকিস্তান সেনাবাহিনীর।

পুলিশ সুপার জানান, হেলিকপ্টারটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণের পরীক্ষামূলক উড্ডয়ন চালাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।

যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয় সরকারের ধারণা, কারিগরি ত্রুটিই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।