পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ঈসমাইল খানে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন পুলিশ সদস্য ও পাঁচজন হামলাকারী। নিহতদের একজন আত্মঘাতী হামলাকারী বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর—জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এরপর সশস্ত্র হামলাকারীরা গুলি ছুড়ে ব্যাপক তাণ্ডব চালায়।

পুলিশ সূত্র জানায়, হামলার পর কর্মকর্তারা পাল্টা গুলি চালালে উভয়পক্ষে তুমুল বন্দুকযুদ্ধ হয়। উপ-পুলিশ সুপার হাফিজ মুহাম্মদ আদনান বলেন, “হামলাকারীদের সবাইকে নিঃশেষ করা হয়েছে।”

এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ সদস্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেন, “পুলিশ সদস্যরা জীবন উৎসর্গ করে সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা ভণ্ডুল করেছেন।”

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।