পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ একাধিক এলাকায় ভারত চালিয়েছে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর বরাতে এ তথ্য জানিয়েছে ডন নিউজ

\r\n

বুধবার (৭ মে) সকালে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ জানান, মোট ছয়টি স্থানে এই প্রাণহানি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকা, যেখানে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে দুই শিশু (তিন বছর বয়সী), সাত নারী ও চার পুরুষ। সেখানে আহত হয়েছেন আরও ৩৭ জন।

\r\n

মসজিদে হামলারও অভিযোগ উঠেছে। মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হন এবং এক মেয়ে ও এক ছেলে আহত হয়। কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মা ও তার মেয়ে।

\r\n

মুরিদকে এলাকায় উম্মাল কুরা মসজিদে হামলায় নিহত হয়েছেন আরও তিনজন পুরুষ। শাকরগড়ের একটি ডিসপেনসারি ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কেউ হতাহত হয়নি। সিয়ালকোটেও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানায় আইএসপিআর।

\r\n

নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় গোলাবর্ষণে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাঁচ বছর বয়সী শিশু।

\r\n

মেজর জেনারেল আহমেদ শরীফ অভিযোগ করেন, “ভারত মসজিদসহ ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এটি মোদি সরকারের হিন্দুত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ, যেখানে মুসলিম সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে।”

\r\n

এদিকে পাকিস্তানের প্রতিক্রিয়া হিসেবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইএসপিআর। গুলি করে ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০। আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “সব ভারতীয় বিমান আমাদের আকাশসীমায় গুলি করে নামানো হয়েছে এবং পাকিস্তান বিমান বাহিনীর সব ফাইটার জেট নিরাপদে রয়েছে।”

\r\n

তিনি আরও জানান, এলওসি বরাবর এখনও তীব্র গোলাবিনিময় চলছে।

\r\n

এই ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় হামলাকে 'লজ্জাজনক' বলে উল্লেখ করেছেন, আর চীন জানিয়েছে, তারা এই অঞ্চলের উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।