চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সরকারিভাবে সবুজ সংকেত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
\r\nপ্রথমে ২৫ মে থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় চালু হওয়ায় সিরিজটি দুই দিন পিছিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন সূচি অনুযায়ী, সিরিজটি শুরু হবে ২৭ মে।
\r\nভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা এবং নিরাপত্তা শঙ্কার প্রেক্ষাপটে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। বিসিবি জানায়, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের মতামতের অপেক্ষায় ছিল।
\r\nবৃহস্পতিবার বিসিবির একটি সূত্র জানায়, “সরকারের পক্ষ থেকে পাকিস্তান সফরের বিষয়ে আমরা সবুজ সংকেত পেয়েছি। এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি, তবে খুব শিগগিরই তা পেয়ে যাবো বলে আশা করছি।”
\r\nতবে ক্রিকেটারদের মতামতকেও গুরুত্ব দিচ্ছে বোর্ড। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, “আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। কেউ যদি নিরাপত্তার কারণে সফরে যেতে না চান, তাকে জোর করা হবে না।”
\r\nউল্লেখ্য, সিরিজের নতুন সূচি অনুযায়ী ২৭ মে থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।





