স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ছয় দিনের সফরে পাকিস্তান গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এই সফরের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা। চুক্তির আওতায় কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, সরকারি সফরকে আরও কার্যকর করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।


এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক রাজনৈতিক বোঝাপড়া আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে সফরে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম এবং ডিআইজি মো. জান্নাতুল হাসান।