পটুয়াখালীর দুমকীতে পাওনা টাকা আদায়ের জেরে এক কৃষকের গোয়ালঘর থেকে দুইটি গাভি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা জলিল প্যাদার বিরুদ্ধে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে জলিল প্যাদা গরু দুটি নিয়ে যান। অসহায় বারেক মজুমদার বিষয়টি ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে জানান।
পরে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের উপস্থিতিতে পঞ্চায়েত বাজারে বৈঠক বসে। বৈঠকে জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে, সেই টাকা আদায়ের জন্যই গাভি দুটি নেওয়া হয়েছে। তিনি জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান।
কৃষক বারেক মজুমদার বলেন, তার ছেলে পরিবারসহ ঢাকায় থাকেন। কারও সঙ্গে টাকার লেনদেন হয়েছে কি না তিনি জানেন না। দুর্বল ভেবে তার ছেলের কাছে টাকা আদায়ের অজুহাত দেখিয়ে গরু দুটি নিয়ে যাওয়া হয়েছে।
জলিল প্যাদা স্বীকার করেছেন, তার ছেলের পাওনা টাকা আদায়ের জন্য গরু দুটি নেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান জানান, বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু জলিল প্যাদা কোনো লিখিত প্রমাণ বা ডকুমেন্ট দেখাতে পারেননি।





