পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে বাংলামোটরের নেভি গলি থেকে শোভাযাত্রা শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় ঘুরে আবার নেভি গলিতে এসে শেষ হয়। আয়োজনটি করে দলটির সাংস্কৃতিক শাখা।

রঙিন বৈশাখী পোশাক, ঢাকের তালে তালে সড়কে হাঁটেন নেতাকর্মীরা। শোভাযাত্রা থেকে সম্প্রীতির বার্তাও দেওয়া হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড।

শোভাযাত্রার পাশাপাশি নেভি গলিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল তিনটার দিকে শুরু হওয়া মেলায় ছিল বায়োস্কোপ, মাটির তৈজসপত্র এবং নানা খাবারের দোকান।

বিকেল সাড়ে চারটার দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, নতুন বছরে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়েই পথচলা শুরু করেছে দলটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জ্যেষ্ঠ নেতারা। গান পরিবেশন করেন আশিক ও তাঁর দল এবং বাউল কাজল দেওয়ানসহ আরও শিল্পীরা।

পরে নেতারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, নতুন বছরে জাতীয় জীবনের বকেয়া সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি গণভোটের রায় অনুযায়ী সংস্কার কার্যকর করার আহ্বান জানান এবং বিলম্ব নিয়ে সমালোচনা করেন।