দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরী মেমোরিয়াল হাইস্কুলে খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায়। তিনি বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা এবং গত বছর স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন।

সূত্র জানায়, পরীক্ষার হলে কৃষ্ণকান্ত রায় বারবার কাশি দিচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে দুটি ডিভাইস উদ্ধার করা হয়—একটি তার কানে বিশেষ প্রক্রিয়ায় যুক্ত ছিল, অপরটি পরনের গেঞ্জির মধ্যে লুকানো ছিল।

জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় স্বীকার করেছেন যে, তিনি ঢাকার একটি চক্রের সহায়তায় পরীক্ষায় জালিয়াতি করতে চেয়েছিলেন। ওই চক্রের নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্রের সেট ‘পদ্মা’ হলে তিনি কাশি দেবেন। কাশি দেওয়ার সময় তিনি ধরা পড়েন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে একজন পরীক্ষার্থী ডিভাইস ব্যবহার করছেন। নির্দিষ্ট কক্ষ ও পরীক্ষার্থী শনাক্ত না হওয়ায় আমরা বিশেষ নজরদারিতে রেখেছিলাম। পরে ১০১ নম্বর রুমের ওই শিক্ষার্থীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয় এবং সত্যতা পাওয়া যায়।”