পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১ জুন থেকে শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’।

\r\n

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’—এই স্লোগান নিয়ে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে।

\r\n

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিটে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি সদস্যকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণ এবং ন্যূনতম দুটি করে চারা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

\r\n

এছাড়াও শাখাভিত্তিক জনসচেতনতামূলক র‍্যালি, শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ এবং ক্যাম্পাসের আবাসিক হলে টবসহ গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

\r\n

বিশেষ উদ্যোগ হিসেবে ঢাকা মহানগরসহ অন্যান্য শহরে বাসার ছাদ ও বারান্দায় বাগান গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে শহীদদের নামে স্থাপিত বাগানগুলোর পরিচর্যা এবং সেখানে নতুন করে গাছ লাগানোরও ব্যবস্থা করা হচ্ছে।

\r\n

ছাত্রশিবির জানায়, শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং আগের বছরগুলোর চারাগুলোর পরিচর্যাও এ কর্মসূচির অংশ। তবে, অনুমতি ছাড়া বা চাষযোগ্য জমিতে গাছ না লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

\r\n

সংগঠনটির পক্ষ থেকে দেশের সব নাগরিককে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে এই সবুজ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।