যুক্তরাষ্ট্র যদি নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করে, তবে রাশিয়াও একইভাবে প্রতিক্রিয়া জানাবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাহিনীকে অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন। এর জবাবে পুতিন ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাব তৈরি করতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
রুশ প্রেসিডেন্ট নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র বা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি)-এর স্বাক্ষরকারী কোনো দেশ এই চুক্তি ভঙ্গ করে পরমাণু পরীক্ষা চালায়, তাহলে রাশিয়াও একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিশেষ বাহিনী এবং সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া আর কোনো পরমাণু পরীক্ষা চালায়নি। তবে ইউক্রেন যুদ্ধের অচলাবস্থা ও ট্রাম্পের অসন্তুষ্টির কারণে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা বেড়েছে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে অবিলম্বে পরমাণু পরীক্ষার প্রস্তুতি শুরুর প্রস্তাব দেন। এর প্রতিক্রিয়ায় পুতিন বলেন, “যুক্তরাষ্ট্র যদি পরমাণু পরীক্ষা চালায়, রাশিয়াও একই পথ অনুসরণ করবে।”





