কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকালে বাহাদুরপুর ইউনিয়নের দুর্গম চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাটির খবর পায় বিকেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার।

নিহতরা হলেন ইসলামপুর গ্রামের আব্দুর রশিদ (৫৮) এবং মো. মামুন (২৮)। আহত শরিফুল ও ইউসুফ আলী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্বজনদের ভাষ্য, সকালে চারজন একটি ছোট ডিঙি নৌকায় করে চাষের জমির দিকে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি নৌকাটি হঠাৎ কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রশিদ ও মামুনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসাধীন শরিফুল জানান, নৌকাটি কাত হয়ে পানি ঢুকতেই তারা প্রাণে বাঁচার চেষ্টা করেন। একপর্যায়ে পায়ের নিচে মাটি অনুভব করলে তীরে উঠতে সক্ষম হন, এরপর অজ্ঞান হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, অল্প দূর এগোতেই নৌকাটি উল্টে যায়। দ্রুত ঝাঁপ দিয়ে দুজনকে উদ্ধার করা হলেও তাদের অবস্থা ছিল আশঙ্কাজনক।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম রনি জানান, একই গ্রামের দুইজনের মৃত্যুতে এলাকায় শোক ছড়িয়ে পড়েছে। নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আব্দুর রব তালুকদার বলেন, দুর্ঘটনাস্থল নদীর মধ্যে হওয়ায় তদন্তের দায়িত্ব পেয়েছে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ।