ভারতের তামিলনাড়ুতে করুরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত এবং ১০০-এরও বেশি আহত হওয়ার পর চেন্নাইয়ে তার বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বাড়ি ঘেরাও করতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। ৫১ বছর বয়সী বিজয় আগামী বছরের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি নিচ্ছেন।

ডিএমকে-নেতৃত্বাধীন রাজ্য সরকার সমাবেশে নির্দেশনা লঙ্ঘনের জন্য বিজয়কে তীব্র সমালোচনা করেছে। সরকার বলেছে, আয়োজকরা পানি ও খাবারের যথাযথ ব্যবস্থা করেনি, যার ফলে ভিড়ে থাকা মানুষরা অজ্ঞান হয়ে পড়েছিল।

সূত্র জানিয়েছে, সমর্থকরা দুপুর থেকেই সমাবেশে জড়ো হতে শুরু করেন, কিন্তু বিজয় নির্ধারিত সময়ে পৌঁছান সাত ঘণ্টা পরে। টিভিকে’র একজন আইনজীবী জানান, পুলিশের সব নির্দেশিকা মেনে সমাবেশ করা হয়েছিল এবং বিজয় এই দুর্ঘটনায় মর্মাহত হয়েছেন।

বিজয় নিজেও গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর। করুরে প্রাণ হারানো প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করি।”