জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার (২৪ মার্চ) পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে পথসভা করেন।দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় সারজিস আলম বলেন, “কথার চেয়ে কাজের মাধ্যমে আমরা নিজেদের প্রমাণ করতে চাই। ভবিষ্যতে বাংলাদেশের জনগণ আর কোনো রাজনৈতিক দলের নাম বা মার্কা দেখে ভোট দেবে না। বহু বছর ধরে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে।”

\r\n

তিনি আরো বলেন, “ভোটের আগের দিন নেতারা সাধারণ মানুষের কাছে কিছু টাকা পৌঁছে দেন, আর ভোটের পরে কাজের জন্য গেলে আগে টাকা চাওয়া হয়। কিন্তু নতুন বাংলাদেশে এসব আর চলতে দেওয়া হবে না। জনপ্রতিনিধিরা যদি কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করে, তাদেরকে আর প্রতিনিধি হিসেবে গ্রহণ করা হবে না।”

\r\n

সারজিস বলেন, “আমরা ভুল করলে আমাদের সংশোধন করবেন। তবে, কোনো দলের অন্ধভক্ত হবেন না, কারণ অন্ধভক্তির মাধ্যমে আপনার মূল্য কেউই দিতে চায় না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারি, তবে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি রয়েছে।”

\r\n

পথসভায় সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সারজিস আলম দেবীগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে বোদা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন এবং তার নিজ এলাকা আটোয়ারীতে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।