পঞ্চগড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ, শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। মঙ্গলবারের তুলনায় বুধবার সকালে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর ফলে সকাল থেকেই ঘন কুয়াশা নেমেছে জেলা জুড়ে। গ্রামীণ এলাকা থেকে শহরের সড়ক—সব জায়গা কুয়াশার চাদরে ঢাকা পড়ে। দৃশ্যমানতা কয়েক হাত দূরত্বে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
অটোচালকরা জানান, কুয়াশার ঘনত্ব এত বেশি যে হেডলাইট জ্বালিয়েও রাস্তা পুরোপুরি দেখা যাচ্ছে না। এক অটোচালক বলেন, “জরুরি কাজে বের হয়েছি, কিন্তু ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে।”

পঞ্চগড় আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। দিনের বেলাতেও কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সূর্যের আলো ঠিকভাবে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না, ফলে রাতের তাপমাত্রা দ্রুত কমছে এবং সকালে ঘন কুয়াশা তৈরি হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, “তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। নভেম্বরের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ এবং ডিসেম্বরজুড়ে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।”