নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আক্তার মোল্যা গ্রুপের লোকজন মসজিদের ভেতরে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জিরু কাজী গ্রুপের লোকজনকে মারধর করে। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের ও মিরাজ মোল্যাসহ আরও অনেকে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





