নোয়াখালী প্রতিনিধি— নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাজারে বিশেষ অভিযান চালিয়ে ১১৩ কেজি ওজনের একটি নিষিদ্ধ শাপলাপাতা মাছ (স্টিংরে) জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। শুক্রবার (৬ মার্চ) সকালে মাছটি জব্দ করার পর বিকেলে তা মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে সোনাপুর মাছের আড়তে অভিযান চালায় বন বিভাগ। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বিশালাকৃতির এই শাপলাপাতা মাছটি আড়তে নিয়ে আসেন। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আড়ত মালিক পালিয়ে গেলেও মাঝখানে কাটা অবস্থায় মাছটি জব্দ করা সম্ভব হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, শাপলাপাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। এটি সাগরের তলদেশের ভারসাম্য রক্ষায় কাজ করে। তবে নির্বিচারে শিকার ও অবৈধ বাণিজ্যের কারণে প্রজাতিটি এখন হুমকির মুখে।
নোয়াখালী জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন:— \"বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী শাপলাপাতা মাছ শিকার, ক্রয়-বিক্রয় বা পরিবহন দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।\"
জব্দকৃত মাছটি পরবর্তীতে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে ও আইনগত প্রক্রিয়ায় তা মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।





