নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নাজিম উদ্দিন (১৫) নামের এক মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া আখফতুল উলুম মাদরাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার পর পুলিশ আবু সায়েদ নামে হেফজ বিভাগের আরেক ছাত্রকে আটক করেছে।
নিহত নাজিম উদ্দিন সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্যার ছেলে। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ জানায়, প্রায় ১০–১৫ দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও সায়েদের মধ্যে বিরোধ হয়। পরে মাদরাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করেন। তবে পুরোনো সেই বিরোধের জের ধরে রোববার রাতে নাজিম ঘুমিয়ে পড়লে সায়েদ ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আমরা আবু সায়েদকে আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে, পুরোনো বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





