নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদী শহরে থানার পাশের নোয়াখালী সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯ ভরি ৪ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার।
রোববার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন। তিনি জানান, শনিবার কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতা মো. মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার এবং মো. আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)।
পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান নিলয় জুয়েলার্সের শাটারের তালা কেটে প্রায় ১২৭ ভরি স্বর্ণালংকার চুরি করা হয়। এ ঘটনায় ২ জানুয়ারি ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন সুধারাম থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের মাধ্যমে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার সকালে কুমিল্লার মুরাদনগরের ভাঙা সড়ক এলাকায় অভিযান চালিয়ে মোর্শেদ ও তার স্ত্রী শিল্পীকে গ্রেপ্তার করা হয়। একই দিনে পিচ্চি আলাউদ্দিনকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ ভরি ৫ আনা ২ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পরবর্তীতে চট্টগ্রামের হাটহাজারী থানার বড় দীঘির পাড় এলাকায় শিল্পীর বাসায় তল্লাশি চালিয়ে আরও ৫ ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
এসপি এ.টি.এম মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।





