নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি হয়।
\r\nকর্মসূচির কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে।
\r\nপ্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে সমাবেশ করেন।
\r\nসমাবেশে সভাপতিত্ব করেন সোনাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, সদস্যসচিব হারুনুর রশিদ, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ প্রমুখ।
\r\nবক্তারা বলেন, নোয়াখালী দেশের প্রাচীন জেলা ও প্রবাসী আয়ের অন্যতম উৎস। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি নোয়াখালী অঞ্চলকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে নতুন বিভাগ গঠনের উদ্যোগের খবর পাওয়া গেছে। বক্তারা এ প্রস্তাব বাতিল করে অবিলম্বে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান।
\r\nউল্লেখ্য, কয়েক দশক ধরে বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী নিয়ে স্বতন্ত্র বিভাগ গঠনের দাবি জানিয়ে আসছেন নোয়াখালীবাসী। সম্প্রতি কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার সুপারিশের পর এ দাবি নতুন করে জোরদার হয়েছে। গত দুই সপ্তাহ ধরে নোয়াখালী ও ঢাকায় এই দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন





