​নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ পন্থী ‘সাদা প্যানেল’ সাধারণ সম্পাদকসহ ৯টি পদে এবং বিএনপি পন্থী ‘নীল প্যানেল’ সভাপতিসহ ৫টি পদে জয়লাভ করেছে। এছাড়া জামায়াত পন্থী ‘সবুজ প্যানেল’ থেকে একজন সদস্য পদে বিজয়ী হয়েছেন।

​বুধবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

​নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সভাপতি পদে নীল প্যানেলের প্রার্থী এ.বি.এম জাকারিয়া এবং সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের প্রার্থী মোশাররফ হোসেন মাসুদ নির্বাচিত হয়েছেন।

​সাদা প্যানেল থেকে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে মো. সহিদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বাবুল, ট্রেজারার জায়েদ হোসেন দিদার, আপ্যায়ন সম্পাদক নুর হোসেন সবুজ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন পলাশ। এছাড়া সদস্য পদে আদিল আমিন ও মোকাদ্দেস হাসান জয়লাভ করেছেন।

​অন্যদিকে, নীল প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা হলেন— সহ-সাধারণ সম্পাদক সফিক উল্লাহ সুমন ও লাইব্রেরি সম্পাদক সালেহ উদ্দিন। সদস্য পদে জয়ী হয়েছেন নুর আলম ও শুভ। এ ছাড়া জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সদস্য পদে ইমরান (সবুজ) নির্বাচিত হন।

​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ৬২৭ জন ভোটারের মধ্যে ৬১৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৫টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

​ফলাফল ঘোষণার পর আদালত পাড়ায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত কমিটিকে আইনজীবী সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ বারের মর্যাদা রক্ষা ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।