নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জামায়াত আমিরের নির্বাচনি সফরকে সামনে রেখে জেলা শাখা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামীকাল সকাল ৯টা থেকে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকার আজ সকাল ১১টায় সমাবেশস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি বলেন, “আগামীকাল ৩০ জানুয়ারি নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা জনসভা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ, এই সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতারাও সভায় উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাছুম বিল্লাহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন।”
তিনি আরও জানান, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও সক্রিয় থাকবে।
জামায়াত আমিরের আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সকাল ১১টায় আমির সমাবেশে বক্তব্য দেবেন।
সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী এবং কেন্দ্রীয় তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।





