নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রশাসনের ইফতার আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পাঁচটি আবাসিক হল প্রশাসনের পৃথক নোটিশে আগামী ১ মার্চ ইফতার মাহফিলের ঘোষণা দেওয়া হলেও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থা না থাকায় সমতা ও অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ নিয়ে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, বছরের বিশেষ দিনগুলোতে আবাসিক-অনাবাসিক বিভাজন শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের উদাসীনতার ইঙ্গিত দেয়। তারা আরও বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক উদ্যোগে আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা হয়। সে তুলনায় নোবিপ্রবির এ উদ্যোগ আংশিক ও হতাশাজনক।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ইমাদ চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “অনাবাসিক ছাত্রছাত্রীদের দের জন্য পরীক্ষার সময় কাগজে হল থেকে সীল নেয়া বাদ দিয়ে দেন।
আর নাহলে সকল ভোজে অনাবাসিক দের যুক্ত করেন। আমি কেন সীল আনতে যাবো হলে, যেখানে হল আমার কোনো কাজে আসতেছেনা। হলের সীল বাদ দিয়ে নিজ নিজ বাড়িওয়ালার সীল নেন।\"
মেহেদি হাসান নামে এক শিক্ষার্থী বলেন, আমরা যারা অনাবাসিক, তারাও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে সব কার্যক্রমে অংশ নিই। কিন্তু বিশেষ আয়োজনের সময় আমাদের বাইরে রাখা হলে সেটি স্বাভাবিকভাবেই খারাপ লাগে। অন্তত সীমিত পরিসরে রেজিস্ট্রেশনের মাধ্যমে সবার অংশগ্রহণের সুযোগ রাখা যেত। প্রশাসনের অর্থ সংকট থাকলেও পরিকল্পনার মাধ্যমে সমন্বিত আয়োজন সম্ভব ছিল। এতে আবাসিক-অনাবাসিক বিভাজনের অনুভূতি কমতো এবং ক্যাম্পাসে ইতিবাচক বার্তা যেত।
এদিকে, অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে মিমস প্রকাশ করে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০০০০ জন শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র ২৩০০ জন (প্রায় ২৫ %) শিক্ষার্থী আবাসিক হলে থাকার সুযোগ পায়।
এ বিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, \"আমরা সকল আবাসিক - অনাবাসিক শিক্ষার্থীর জন্য যেকোন অনুষ্ঠান আয়োজন করতে পারলে খুব খুশি হতাম। কিন্তু আমাদের প্রায় ১০ হাজারেরও অধিক শিক্ষার্থীর জন্য আয়োজন করার মত ফান্ড নেই। আমাদের নিজেদের সদিচ্ছার কোন অভাব না থাকলে সীমাবদ্ধতার জন্য পারছি না।\"





