নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ফোন করে ভারতের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্টি হওয়া রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে নেপালে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের সহযোগিতার বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

সেখানে মোদি লেখেন, “নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে আমার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আলাপ হয়েছে। নেপালে সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করেছি এবং শান্তি ফিরিয়ে আনার জন্য তাঁর উদ্যোগকে ভারতের পক্ষ থেকে দৃঢ় সমর্থন জানিয়েছি।”

এছাড়া, ১৯ সেপ্টেম্বর নেপালের জাতীয় দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানান মোদি।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাতে শপথ নেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ঘোষণা দেন, ছয় মাসের মধ্যে দেশব্যাপী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, তিনি নেপালের পার্লামেন্ট বিলুপ্ত করার সিদ্ধান্তও নেন।