নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভের মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি। চলমান সংঘাতের কারণে নেপালের পরিস্থিতির ওপর নজর রাখছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “নেপালের পরিস্থিতি আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। হাই কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা আমাদের পরিস্থিতি আপডেট দিচ্ছে। আপাতত নেপাল ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তার বিষয়েও নজর রাখা হচ্ছে।”

সূত্র জানায়, নেপাল থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরার কথা থাকলেও কাঠমুন্ডুর বিমানবন্দর বন্ধ থাকায় সব ফ্লাইট বাতিল হয়েছে। ফলে জাতীয় দলের খেলোয়াড়রা আটকা পড়েছেন। এছাড়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের প্রতিনিধি দলও শিক্ষা কার্যক্রম শেষে দেশে ফেরার চেষ্টা করতে পারেননি এবং তারা কাঠমুন্ডুতে আটকা পড়েছেন।