ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দুই দিন আগে নেত্রকোনা সদর উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এই নাশকতা সংঘটিত হয়।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাতপরিচয় কিছু দুর্বৃত্ত বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি কক্ষে জানালার গ্রিল দিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ভবনে মোট চারটি বুথ স্থাপন করা হওয়ার কথা ছিল। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে কক্ষের দুটি বেঞ্চ, ফ্যান ও লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ, ডিবি ও অন্যান্য ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
পুলিশ জানিয়েছে, ভোটকেন্দ্রের একটি বুথের পিছনের জানালা দিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতে এই হামলা চালানো হয়েছে।
ঘটনার পর নূরপুর সিধরপুর ভোটকেন্দ্র এবং পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে, ভোটে ব্যাঘাত ঘটানোর জন্য যারা এ ধরনের অপকর্মে লিপ্ত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে এ পর্যন্ত কোনো কাউকে আটক করা সম্ভব হয়নি।





