নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় পাঁচটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো হলো: নেত্রকোণা সদর উপজেলার নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হিরনপুর উচ্চ বিদ্যালয়। প্রতিটি কেন্দ্রে কিছু বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক লাইট আগুনে পুড়ে গেছে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের এ সময় আগুনের ধোঁয়া ও গন্ধ টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ রাতেই পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ও ডিবি কর্মকর্তারা পৃথক ভোটকেন্দ্রে গিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন। তারা ক্ষতিগ্রস্ত বুথ পরিদর্শন, আলামত সংগ্রহ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছেন।
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানিয়েছেন, “ক্ষতিগ্রস্ত কয়েকটি বুথ পুরাতন ভবনে অবস্থিত ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জানালা দিয়ে প্রায় একই কায়দায় আগুন দেওয়া হয়েছে। গভীর রাতে ঘটায় এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শীর মাধ্যমে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।”
স্থানীয়রা এই ঘটনার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





