স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো ধরনের অবৈধ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তাহলে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করেছি। কারও সামান্যতম অবহেলাও পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে হয়তো শুধু জিডি করা হতো, কিন্তু এবার তা হবে না—অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।”
\r\n\r\n\r\n
তিনি আরও বলেন, “পুলিশকে আমি স্পষ্ট নির্দেশনা দিয়েছি—নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর। কেউ যদি অনৈতিক কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





