গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের কেবিনে গিয়ে তার সঙ্গে দেখা করেন ইশরাক। পরে সেখান থেকে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে হামলার ঘটনার নিন্দা জানান তিনি।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, “নুরুল হক নূরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক—এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠ ও দলের কিছু নেতা। নূরের চেহারাতেই তার শারীরিক অবস্থার প্রতিফলন স্পষ্ট। ভিডিও ফুটেজ দেখে দেশের মানুষ জানতে চায়, এখন পর্যন্ত কতজনকে জবাবদিহির আওতায় আনা হয়েছে? কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়—সেটি সে সামরিক হোক বা বেসামরিক। নিঃসন্দেহে নুরকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে। অবিলম্বে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে নুরকে সরকারের ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।”
তিনি আরও লিখেন, “আজ না হোক, কাল—এই হামলার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেই। তবে সরকারের উচিত এখনই পদক্ষেপ নেওয়া। নুরের যদি কোনো ক্ষতি হয়, তবে জনগণের রোষ থেকে সরকারের চামড়া রক্ষা করা সম্ভব হবে না।”
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এক কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।





