ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং ২৯ আগস্টের হামলার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

\r\n

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে এ দাবি জানান সংগঠনটির সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

\r\n

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নুরকে বিদেশে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি, তিনি দ্রুত তা বাস্তবায়ন করবেন। পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেন অতি দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেয়, সে ব্যবস্থাও করতে হবে।

\r\n

জামায়াত সেক্রেটারি আরও বলেন, চিকিৎসা ও বিচারের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব কাম্য নয়। আমরা প্রত্যাশা করি, প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।

\r\n

এদিকে নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

\r\n

শুক্রবার নুরের ফেসবুক পেজ থেকেও এক পোস্টে জানানো হয়, হাসপাতালে দর্শনার্থীর ভিড়ের কারণে প্রয়োজনীয় নিরিবিলি পরিবেশ ব্যাহত হচ্ছে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, হাসপাতালে ভিড় না করে যে যার অবস্থান থেকে নুরের সুস্থতার জন্য দোয়া করার।