রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

পুলিশ জানায়, পু‌লিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি অপু কাজীর ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ মোল্লার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তার নির্দেশেই কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর মামলার আসামি। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে। একই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে।

এদিকে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।