গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের বলেন, “যারাই তাকে আঘাত করুক, হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে, এটা খুব পরিষ্কার।”
ফখরুল আরও জানান, নুরের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হলেও এখনো ক্রিটিক্যাল। তার ব্রেনসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে ইনজুরি রয়েছে এবং ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে তিনি জানিয়েছেন, চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি, তবে নুর এখনো নিজে খেতে পারছে না এবং তাকে পাইপের মাধ্যমে তরল আহার দিতে হচ্ছে। তার সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি।
বিএনপি মহাসচিব বলেন, “অভ্যুত্থানের পরও আইন প্রয়োগকারী সংস্থা যদি নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে, সেটি ভাবা উচিত। এটা আমি মেনে নিতে পারি না।”
তিনি আরও দাবি করেন, প্রধান উপদেষ্টার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং সরকারের প্রতি নুরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান।





