জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, তাসনিম জারার মঞ্চে সাহসী প্রকাশ ও নিঃস্বার্থ বক্তব্যের জন্য প্রশংসা হচ্ছে, তবে ব্যক্তিগত ও মানবিক প্রসঙ্গে সেই সাহসের অভাব দেখা যাচ্ছে।
নীলা ইসরাফিল উল্লেখ করেছেন, এক নাগরিক কোয়ালিশনের প্রোগ্রামে এবং ডেইলি স্টারের অফিসে নিজের অসহায় পরিস্থিতি তুলে ধরার সময় তিনি তাসনিম জারার কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু তাসনিম জারা সেখানে নীরব ছিলেন, ফাঁপা প্রতিশ্রুতি দিয়েছেন এবং চোখ ফেরিয়েছেন। এতে তার পাশে দাঁড়ানোর সুযোগ হাতছাড়া হয়েছে।
তিনি বলেন, “আপনি সাহসী, কিন্তু তা কি সত্যিই সাহস? নাকি কেবল প্রদর্শনী সাহস—মঞ্চে দাঁড়িয়ে হাততালি কুড়ানো, জনতার সামনে ইমেজ তৈরির সাহস?” নীলা ইসরাফিল আরও বলেন, অন্যায়ের সময় চুপ থাকা, নারীর পাশে না দাঁড়ানো এবং সত্য চাপা পড়া তাসনিম জারার রাজনৈতিক চরিত্রের দুর্বল দিক প্রকাশ করে।
তিনি পোস্টে লিখেছেন, “আপনার কথিত সাহস যদি সত্যিই সাহস হতো, তবে আপনি আমার পাশে দাঁড়াতেন। চুপ থাকা শুধু আপনার নয়, সমগ্র রাজনৈতিক চরিত্রের দেউলিয়াত্বের প্রতীক।”
নীলা ইসরাফিলের পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, আজ তাসনিম জারাকে সাহসী হিসেবে প্রশংসা করা হচ্ছে, তবে একদিন মানুষ এটিকে ব্যঙ্গচিত্র হিসেবে দেখবে। ইতিহাস তাঁকে নীরব, সুবিধাবাদী এবং মুখোশধারী নারী হিসেবে মনে রাখবে।
তিনি যোগ করেন, “শুধুমাত্র উচ্চ শিক্ষিত হলেই যথেষ্ট নয়, সঙ্গে মানবিকতা থাকতে হবে। কিন্তু তিনি মানবিকতার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।”
তাসনিম জারাকে নিয়ে নীলা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাস





