চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের চলমান সংঘর্ষের ঘটনায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন মারাত্মক আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে সংঘর্ষের সময় ইটের আঘাতে আহত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, \"ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের দা দিয়ে কোপাচ্ছে।\"


অধ্যাপক কামাল উদ্দিন বলেন, \"আমি নিজ চোখে দেখেছি, নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা আমাদের নিরীহ শিক্ষার্থীদের তাড়া করে দা দিয়ে কোপাচ্ছে। তাদের শরীর থেকে রক্ত ঝরছে। বিশ্ববিদ্যালয়ের এই ভয়াবহ পরিস্থিতি সহ্য করা কঠিন।\" কথা বলতে বলতেই তিনি কান্নায় ভেঙে পড়েন।


তিনি আরও অভিযোগ করেন, \"সকাল থেকে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারী ক্যাডাররা স্থানীয়দের সঙ্গে মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। কোথাও কোনো পুলিশ নেই, সেনাবাহিনী বা বিজিবিও আসেনি। আমি নিজেও আহত হয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ করেছি, তবু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা কি কোনো দেশের অবস্থা? মানুষ দা দিয়ে কোপাচ্ছে, হাসপাতালে জায়গা নেই, আমাদের মেরে ফেলা হচ্ছে।\" শেষে তিনি গ্রামবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানান।


ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা ইটপাটকেল ছাড়াও দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। অনেক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে যান।


দর্শন বিভাগের শিক্ষার্থী সাঈদ বলেন, \"আমাদের বন্ধুদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এমন অবস্থায় আমরা কীভাবে বিশ্ববিদ্যালয়ে থাকব? আমাদের নিরাপত্তা কোথায়?\"


চলমান এই সহিংস পরিস্থিতিতে শিক্ষার্থীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।