প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “জীবনের শেষ প্রান্তে এসে ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়, বরং জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এই লক্ষ্য একার পক্ষে অর্জন সম্ভব নয়—জনগণের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।”
শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনায় যাওয়ার পথে যশোরে যাত্রাবিরতির সময় তিনি ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন।
সিইসি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমান দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই।”
এ সময় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল দুর্ঘটনা এবং সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি। নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়ার অনুরোধ জানান।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচন শুধু একটি সাংবিধানিক দায়িত্ব নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। এজন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা করতে হবে।”
জুমার নামাজ ও বক্তব্য প্রদানকালে তার সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





