বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে ৩১ দফার আলোকে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

\r\n

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন তারেক রহমান।

\r\n

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

\r\n

সমমনা দলের পক্ষ থেকে ছিলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।