নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা এলেই সেনাবাহিনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
৩১ জুলাই, বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা সেনাবাহিনী পায়নি। তবে নির্দেশনা পেলেই তারা প্রস্তুত রয়েছে দায়িত্ব পালনের জন্য।
সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান অভিযানের তথ্য তুলে ধরেন তিনি। কর্নেল শফিকুল ইসলাম জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে ৩৭টি অবৈধ অস্ত্র ও ১৭৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চলতি আগস্ট মাস থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৯ হাজার ৭২৯টি হারানো অস্ত্র ও ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গুলি। হারানো অস্ত্রের মোট সংখ্যা ছিল ১২ হাজার ১১৯ এবং গুলি ছিল ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড।
তিনি আরও জানান, গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪৫৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, যাদের মধ্যে রয়েছে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ নানা অপরাধে জড়িত ব্যক্তি।





