জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, নির্বাচন নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই। তিনি বলেন, “আমাদের এমনভাবে উপস্থাপন করা হয় যেন আমরা নির্বাচনবিমুখ দল। বাস্তবে আমরা নির্বাচনের বিপক্ষে নই—নির্বাচন কালকেও হতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন এবং বিচার প্রক্রিয়ার একটি স্পষ্ট রূপরেখা নিশ্চিত করা।”
মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
হাসনাত আরও বলেন, “সুদিচ্ছা এবং রাজনৈতিক ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্পন্ন করা সম্ভব।” তিনি বলেন, “রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে। আমরা চাই না ৫ আগস্টের পর সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হোক। ব্যক্তির দায়ভার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেওয়ার পক্ষে আমরা নই—আমরা প্রতিষ্ঠানগত সংস্কার চাই।”
এ সময় তিনি অভিযোগ করেন, গুম সংক্রান্ত তদন্তে গঠিত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, যা ন্যায়বিচারের পথে একটি বড় অন্তরায়।





