বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর। তিনি বলেন, “দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই একমাত্র সমাধান। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে। রাজনৈতিক ভুলের কারণে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। দেশে আর ফ্যাসিস্ট দেখতে চাই না।”

মির্জা ফখরুল উল্লেখ করেন, “দানবীয় শাসনের পরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। অনেকে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জেলে গেছেন। এখন আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি, নেতাকর্মীরা রাতেও নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এ গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।