প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। তিনি আশ্বস্ত করেছেন, নির্বাচনের কারণে বই বিতরণে কোনো বাধা সৃষ্টি হবে না—নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।


রোববার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত “প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “এখন থেকে উপজেলা ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই উপকৃত হবেন। মুখস্থ বিদ্যা কোনো প্রকৃত শিক্ষা নয়—প্রশ্ন মুখস্থ করে উত্তর লেখা বা সার্টিফিকেট পাওয়া শিক্ষার আসল উদ্দেশ্য হতে পারে না। শিশুদের মুখস্থ নির্ভরতা থেকে বের করে আনতে হবে।”


তিনি আরও বলেন, “অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয় বা বুয়েটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে পারছে না। এটি আমাদের শিক্ষাব্যবস্থায় গুণগত উন্নয়নের প্রয়োজনীয়তা নির্দেশ করে।”


সেমিনান শেষে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকগণের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।