আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–কে লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সভায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে বিশেষভাবে লটারি পদ্ধতিতে এসপি ও ওসিদের নতুন পোস্টিং দেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমরা চাই, এই বদলি প্রক্রিয়ায় কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। সবকিছু হবে স্বচ্ছ ও গণমাধ্যমের উপস্থিতিতে।”

তিনি আরও বলেন, “গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় ডিসি, এসপি, ইউএনও ও ওসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অতীতে দেখা গেছে, অনেক প্রার্থী নির্বাচনী এলাকায় পছন্দের কর্মকর্তাদের রাখতে চান। “তবে এবার আমরা নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারি ব্যবস্থা গ্রহণ করেছি,” বলেন তিনি।

এ সময় তিনি জানান, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে এবং সবাইকে নির্বাচনী দায়িত্ব পালনের আগে প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচনকালীন নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।