নির্বাচনে সারাদেশ তিন অঞ্চলে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন ক্যাটাগরিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি ও কমনওয়েলথ প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।
আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে কমিশনের প্রতি আস্থা প্রকাশ করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
সকালে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে নির্বাচন ভবনে আসেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বাচউয়ি। পরে তারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘণ্টার আলোচনায় নির্বাচন প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, গণভোট এবং বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
ইসি জানায়, বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়তা করবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।





