আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র ব্যবহার করা হবে না বলে কঠোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিবেশী দেশ দিয়ে কোনো অবৈধ অস্ত্র দেশে প্রবেশের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।
নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অর্থ, উপহার কিংবা খাবার গ্রহণ করতে পারবেন না। তিনি জানান, নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। তারা যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে এটি হবে দেশের ইতিহাসের অন্যতম নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে বর্তমানে জঙ্গি ও চরমপন্থিদের তৎপরতা আগের তুলনায় অনেক কমে এসেছে। তবে বিদেশে অবস্থানরত ‘ফ্যাসিস্ট জঙ্গি’দের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কুচকাওয়াজের মাধ্যমে ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের ৯৬ জন প্রশিক্ষণার্থী আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন। কুচকাওয়াজে ৪১তম বিসিএস ব্যাচের ৮৭ জনসহ আগের বিভিন্ন বিসিএস ব্যাচের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পদক ও পুরস্কার তুলে দেন। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ‘বেস্ট প্রবেশনার’, মেহেদী আরিফ ‘বেস্ট একাডেমিক’, সজীব হোসেন ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, মোসলেহ উদ্দীন আহমেদ ‘বেস্ট হর্সম্যানশিপ’ এবং সালমান ফারুক ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন।
নবীন এসব কর্মকর্তা এখন থেকে বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণে অংশ নেবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁদের সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।





