ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সব পুলিশ সদস্যকে দায়িত্ব পালনের সময় সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন।
শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক প্রাক-নির্বাচনি সভায় পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনের সময় সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। জনবান্ধব পুলিশিং শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।
দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন নির্বাচনে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা এবং পেশাদার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।





