হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, নির্বাচনে অংশ নিলেও জামায়াতে ইসলামি কোনো আসন পাবে না। শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাবুনগরী বলেন, “আমাদের ইসলাম ও মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম প্রকৃত ইসলাম নয়; প্রকৃত ইসলাম হলো মদিনার ইসলাম।”
তিনি ইসলামি ঐক্যবদ্ধ আট দলীয় জোটের সমালোচনা করে বলেন, “মূলত এই আট দল শুধু আসন ও ভোটের স্বার্থে জোটবদ্ধ হয়েছে।”
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, ফরিদপুরের সামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, নগরকান্দার মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ আরও অনেকে।
সম্মেলনে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।





