আসন্ন জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে তিনি প্রশ্ন তুলে বলেন, “নির্বাচনে বিলম্ব করে গোপনে জোট গঠনের চেষ্টা চলছে কি না, তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।”
\r\nসোমবার (১৯ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
\r\nনজরুল ইসলাম বলেন, “অনেকে গুজব ছড়াচ্ছেন যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই—আওয়ামী লীগের সঙ্গে কখনোই আপোষ নয়। কেউ যদি আপোষ করতে চায়, তাহলে তা রুখে দেওয়া হবে।”
\r\nতিনি আরও বলেন, “নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা দূর করা এখন সময়ের দাবি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছে, তার ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।”
\r\nআলোচনা সভার বাইরে, প্রেসক্লাবেই আরেকটি আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, “রাখাইন ইস্যুতে মানবিক করিডর গঠনের প্রস্তাব একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেবল জাতীয় সংসদ।”
\r\nতিনি আরও বলেন, “নির্বাচনী রোডম্যাপ নিয়ে যে গোপন ষড়যন্ত্র চলছে, তা খুবই উদ্বেগজনক। কোনো নতুন গোষ্ঠীকে সংগঠিত করে ক্ষমতায় আনার পথ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়নি।”
\r\n




