সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করলেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে স্কুলের শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে স্কুলের একটি কক্ষ তালাবদ্ধ করেছেন বিএনপি নেতার ছেলে আরিফ।
স্কুল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ স্কুলে উপস্থিত হন। তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ আরিফকে জানতে চাইলে তিনি জানান, “আমি সাত বিষয়ে ফেল করেছি।”
এরপর আরিফ হুমকি দিয়ে বলেন, তাকে সুযোগ না দিলে যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এ কথার পর তিনি স্কুলের একটি কক্ষ তালাবদ্ধ করে রাখেন। তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানান, “দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এই কারণে সে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দিয়েছে।”
আরিফের বাবা ও লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। আমি বিএনপির রাজনীতি করি, কিন্তু আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।”
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “এ ঘটনার বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।”





